হাকালুকি হাওরে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান, ১৪ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা

 


কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১০ জুন ২০২৬) জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুলাউড়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন কুলাউড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুলাউড়া থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে তদারকি করা হয়। এ সময় প্রায় ৭ হাজার মিটার অবৈধ জাল, ২ হাজারটি ম্যাজিক চাই এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

এছাড়া, মৎস্য সম্পদ সংরক্ষণে প্রণীত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ১৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ মৎস্য প্রজনন ক্ষেত্র হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাছ শিকার রোধের পাশাপাশি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli