কোদালি ব্রিজে বারবার দুর্ঘটনার পর সংস্কার কাজ শুরু করল উপজেলা প্রশাসন
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজে বারবার দুর্ঘটনার পর অবশেষে ব্রিজ সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার দক্ষিণ পাশে এবং ফুলেরতল বাজারের উত্তর দিকে অবস্থিত সরু কোদালি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অতীতে এখানে অসংখ্য ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় প্রতি মাসেই কোনো না কোনো দুর্ঘটনার ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছিল।
সর্বশেষ শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে চিলড্রেন কেয়ার একাডেমির ওই তিন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হন।
সংঘর্ষের পর তিন শিক্ষার্থী ব্রিজের পাশের খালে পড়ে আহত হন। স্থানীয় সূত্র জানায়, একজন শিক্ষার্থীর মাথায় এবং দুইজনের মেরুদণ্ডে আঘাত লাগে।
দুর্ঘটনার পর বরমচাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা ও উদ্যোগে কোদালি ব্রিজ সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ব্রিজটি প্রশস্তকরণসহ প্রয়োজনীয় মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংকীর্ণ এই ব্রিজটি এলাকায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তারা ব্রিজ সংস্কার কাজ শুরু করায় প্রশাসনকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

!doctype>