বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন ইন্তেকাল করেছেন
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়ার সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এই তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে আব্দুল মতিন তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয়ভাবে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরে ঘোষণা করা হবে।
আব্দুল মতিনের মৃত্যুতে কুলাউড়াসহ বৃহত্তর এলাকার রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠককে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

!doctype>