কুলাউড়ার বিশ্বকাপ খ্যাত প্রীতি ম্যাচে থাকছেন বরমচালের ৬ প্রতিনিধি

 

কুলাউড়া উপজেলায় বিশ্বকাপ খ্যাত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ জুন। হাজীপুর ইউনিয়নের বাঘেরটেকি মাঠ হিসেবে পরিচিত নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ম্যাচ আয়োজন করা হবে।

কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার ও এবিসি স্পোর্টস একাডেমির যৌথ আয়োজনে এবং ব্রাদার্স ইউনিয়ন হাজীপুরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে এবারের ম্যাচে বিশেষভাবে আলোচনায় রয়েছে বরমচালের প্রতিনিধিত্ব।

প্রীতি ম্যাচে ব্রাজিল দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন বরমচালের তিন ফুটবলার রিচার্ড, প্রবীন ও লামিন ডোনাল্ড। স্থানীয় ক্রীড়াঙ্গনে পরিচিত এই খেলোয়াড়দের অন্তর্ভুক্তি বরমচালের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

অন্যদিকে আর্জেন্টিনা দলের টিম ম্যানেজমেন্টে সদস্য হিসেবে থাকছেন বরমচালের জসিম উদ্দিন। এছাড়া খেলোয়াড় হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন বরমচালের আরো দুই ফুটবলার অয়ন বাহাদুর ও জুয়েল আহমদ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনের পাশাপাশি বরমচালের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন বরমচালের দর্শকরা।

ম্যাচটি উপভোগ করতে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli