কুলাউড়াসহ দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরাধীন দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর (PWD) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে।
এর আওতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে। পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান অবকাঠামো, শয্যা সংখ্যা বৃদ্ধি, ভবন সম্প্রসারণ, জনবল ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সংক্রান্ত বিষয়গুলো মূল্যায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে পরিদর্শনকারী দলের সঙ্গে সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন-১) ডা. মাহফুজ আরা বেগম আদেশটি জারি করেন।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে রোগীদের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে এবং জেলা শহরের হাসপাতালগুলোর ওপর চাপও কিছুটা কমবে। বিশেষ করে কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ এ উদ্যোগের মাধ্যমে আরও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

!doctype>