প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম বরমচালের নতুন কমিটি গঠন

 

প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম বরমচালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে কানাডাপ্রবাসী খয়রুজ্জামান চৌধুরীকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে কাতারপ্রবাসী মাহবুব আলম মুকুল সভাপতি, ফ্রান্সপ্রবাসী লিয়াকত আলী দিপু সাধারণ সম্পাদক এবং কুয়েতপ্রবাসী লুৎফুর রহমান রাজু সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া যুক্তরাজ্যপ্রবাসী সেবু উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাষ্ট্রপ্রবাসী আজমল হোসেন খান খয়রু যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহীন আহমদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা খালিকুজ্জামান মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসে অবস্থানরত বরমচালের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে। সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রবাসী সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli