বরমচাল পোস্ট অফিস নির্মাণে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ে তদন্তের উদ্যোগ

 

বরমচাল পোস্ট অফিসের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার বিল উত্তোলন করেছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বরমচালের বাসিন্দা আতিকুল ইসলাম জানান, পোস্ট অফিসের নির্মাণকাজে অনিয়মের বিষয়ে তিনি ও স্থানীয় বাসিন্দা লতিফ মিলে সিলেট বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় পোস্টমাস্টার জেনারেল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ঢাকা জেনারেল পোস্টমাস্টার (আগারগাঁও) এবং চট্টগ্রাম পোস্টাল পরিকল্পনা বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। একই সঙ্গে অভিযোগের একটি অনুলিপি আবেদনকারীর কাছেও ডাকযোগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছেও পৃথকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আতিকুল ইসলাম আরও জানান, সম্প্রতি ইউএনও এবং বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে। বিভাগীয় পোস্টমাস্টার জেনারেল পুনরায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নতুন পোস্ট অফিস ভবনটি বাইরে থেকে দৃশ্যমান নয়, কারণ পুরোনো ভবনটি এখনও অপসারণ করা হয়নি। এছাড়া প্রবেশদ্বারটি অস্থায়ীভাবে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে, যা একটি সরকারি প্রতিষ্ঠানের জন্য অনুপযুক্ত। পরিকল্পনা অনুযায়ী পুরোনো ভবন ভেঙে নতুন গেট নির্মাণ এবং সংযোগ সড়ক তৈরি করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

এ অবস্থায় অসম্পূর্ণ কাজ রেখে কীভাবে ঠিকাদার বিল উত্তোলন করেছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অনিয়ম রোধে দল-মত নির্বিশেষে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli