বরমচালসহ উত্তর-পূর্বাঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে পাহাড়ি ঢলের আশঙ্কা

 

 

বরমচাল সহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বজ্রপাতসহ ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বেসরকারি একটি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা তাদের গবেষণাভিত্তিক পূর্বাভাসে জানিয়েছে, “স্পার্ক” নামের একটি শক্তিশালী আংশিক বৃষ্টি বলয়ের প্রভাবে ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে ঝড়বৃষ্টি হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ষষ্ঠ বৃষ্টি বলয় “স্পার্ক” সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগে। বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ, তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় গড়ে প্রায় ১৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে বরমচাল ও আশপাশের এলাকাতেও কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকা, দফায় দফায় বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে। বিশেষ করে রাত ও সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। একইসঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া খোলা মাঠ, হাওর ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট বিভাগের উজানে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সিলেট বিভাগের নদ-নদী ও হাওরাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, সক্রিয় এলাকাগুলোতে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

তবে এটি কোনো সরকারি পূর্বাভাস নয় বলে স্পষ্ট করেছে, সংস্থাটি জানিয়েছে, এটি তাদের গবেষণাভিত্তিক পর্যবেক্ষণ মাত্র। আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল তথ্য ও সতর্কতার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli