কৃষকদের জন্য স্বস্তির পূর্বাভাসব, বরমচালে ধান কাটায় অনুকূল সময় সামনে
টানা বৃষ্টিপাতের কারণে দেশের অন্যান্য অঞ্চলের মতো বরমচালে ধান কাটার কার্যক্রম ব্যাহত হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাবে অনেক কৃষক পরিপক্ক ধান কাটতে না পেরে উদ্বেগে দিন কাটাচ্ছেন। আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে।
আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম থাকতে পারে। এ সময়কে ধান কাটার জন্য অনুকূল সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলায় বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পুরো সময়জুড়ে সম্পূর্ণ বৃষ্টি-মুক্ত আবহাওয়া থাকবে না। পূর্বাভাস অনুযায়ী, উল্লিখিত এক সপ্তাহের মধ্যে অন্তত একদিন কোথাও কোথাও, বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপরও দীর্ঘস্থায়ী বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকায় কৃষিকাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
এদিকে ৭ মে নাগাদ বিদ্যমান বৃষ্টিবলয় দুর্বল হয়ে পড়তে পারে, ফলে সারাদেশেই বৃষ্টিপাতের হার কমে আসবে। তবে ১৪ মে’র পর আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে, যা পুনরায় ধান কাটায় বিঘ্ন ঘটাতে পারে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পূর্বাভাস বিবেচনায় ৭ থেকে ১৩ মে পর্যন্ত সময়টুকু ধান কাটার জন্য সবচেয়ে উপযোগী। যদিও এ সময়েও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও অধিক ঝুঁকিপূর্ণ সময়ের তুলনায় এই সময়েই দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা আরও জানান, তাৎক্ষণিক আবহাওয়ার পরিবর্তনের কারণে কোথাও কোথাও পূর্বাভাসের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। তাই কৃষকদের আবহাওয়ার হালনাগাদ তথ্য পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
টানা প্রতিকূল আবহাওয়ায় ইতোমধ্যে কিছু ক্ষয়ক্ষতি হলেও, অনুকূল সময় কাজে লাগিয়ে বাকি ফসল নিরাপদে ঘরে তুলতে পারলেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

!doctype>