বরমচালে স্থাপিত হচ্ছে সোলার পাম্প, উপকৃত হবেন কয়েক হাজার বাসিন্দা

 

ছবি:- সৌরশক্তি দিয়ে পানি তোলার ডেমো ছবি

বরমচাল ইউনিয়নে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে একটি সোলার চালিত পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের বড়ছড়া গাঙের সুইচ গেট সংলগ্ন এলাকায় কয়েক লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট। 

প্রকল্পটির আওতায় সৌরশক্তি ব্যাবহার করে সোলার প্যানেলের মাধ্যমে ৫ হর্স পাওয়ার মটর দিয়ে মাটির গভীর থেকে পানি উত্তোলন করে তা কৃষি জমিতে সরবরাহ করা হবে। এতে শুষ্ক মৌসুমে রবি ফসল চাষ, শীতকালীন ধান উৎপাদনসহ বিভিন্ন কৃষি কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, উত্তোলিত পানি বড়ছড়া গাঙ হয়ে ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ছোট-বড় খাল দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে হাওরাঞ্চল পর্যন্ত সমভাবে প্রবাহিত হবে। ফলে কৃষকেরা সহজেই সেচ সুবিধা পাবে এবং উৎপাদন বাড়বে।

স্থানীয় কৃষকদের মতে, অতীতে সেচের অভাবে উজানের অনেক জমি বিশেষ করে ভাদ্র ও আশ্বিন মাসে চাষের অনুপযোগী হয়ে পড়ে থাকত। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী মৌসুম থেকেই এসব জমি চাষের আওতায় আনা সম্ভব হবে।

এছাড়া, বর্ষা মৌসুমে সোলার প্যানেল ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে, যা দিয়ে স্থানীয় কয়েকটি পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেওয়া যেতে পারে বলে জানা গেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে বরমচাল ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও এ ধরনের সোলার পাম্প প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli