বরমচালে সিলিকা বালুর লিজ বন্ধের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে বড়ছড়া গাঙের সিলিকা বালুর কোয়ারির লিজ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের সড়কে “ঐক্যবদ্ধ বরমচাল” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট। এতে স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, প্রবাসী, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহনুর রহমান সাদন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল ইসলাম জুনেদ, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ছয়ফুজ্জামান ছফু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নেতা কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম চৌধুরী সুমন, বরমচাল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হেলাল চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনসুর আলম চৌধুরী সুলতান, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমদ, স্থানীয় বাসিন্দা ও প্রবাসী আব্দুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মো. আব্দুস সালাম, তরুণ সমাজসেবক আব্দুল মুকসিত চৌধুরী নবীন, স্থানীয় বাসিন্দা হাসনু মিয়া ও আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহেল আহমদ রাসেল, বরমচাল ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, বরমচাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রাহাতসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বড়ছড়া গাঙ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র প্রাকৃতিক সিলিকা বালুর উৎস থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার চলছে, যা পরিবেশ ও স্থানীয় জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধন থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং স্থায়ীভাবে বালুর লিজ বাতিলের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত একটি আবেদন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়। এ সময় ইউএনও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বালুর লিজ বন্ধের বিষয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসীর পক্ষ থেকে আরও বৃহৎ ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli