বরমচাল ইউনিয়ন পরিষদ সহ সারা দেশে এক সপ্তাহ বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা
সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম BDRIS (Birth and Death Registration Information System) সাময়িকভাবে বন্ধ থাকায় বরমচাল ইউনিয়ন পরিষদসহ দেশের সব ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাময়িক স্থবিরতা দেখা দেবে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১ জুন সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব ধরনের অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে।
এর ফলে বরমচাল ইউনিয়ন পরিষদে নতুন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তথ্য সংশোধন, অনলাইন যাচাই ও সনদ উত্তোলনসহ সব ধরনের ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের মধ্যে অনেকেই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বিভিন্ন সরকারি সেবার জন্য জন্ম নিবন্ধনের ওপর নির্ভরশীল হওয়ায় এ সময় সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে নিবন্ধন সেবা নিতে আসা নাগরিকদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময় শেষে পুনরায় BDRIS সিস্টেম চালু হলে আগের মতো সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্মসচিব) মো. লুৎফুর রহমান।

!doctype>