ফিতা দিয়েই জানা যাবে গরুর ওজন, মিলবে মাংসের আনুমানিক হিসাব
কোরবানির ঈদ সামনে রেখে গরু কেনাবেচা জমে উঠেছে স্থানীয় বিভিন্ন পশুর হাটে। তবে অনেক ক্রেতাই গরুর প্রকৃত ওজন ও সম্ভাব্য মাংসের পরিমাণ নিয়ে দ্বিধায় থাকেন। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল স্কেল ছাড়াও খুব সহজ একটি পদ্ধতিতে শুধু ফিতা ব্যবহার করে গরুর আনুমানিক লাইভ ওয়েট বা জীবিত অবস্থার ওজন নির্ণয় করা সম্ভব।
খামারি ও পশু ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত এই পদ্ধতিতে মূলত গরুর বুকের বেড় (হার্ট গার্থ) এবং শরীরের দৈর্ঘ্য মেপে ওজন হিসাব করা হয়। গ্রামাঞ্চলের হাট-বাজারেও এ পদ্ধতির ব্যবহার দেখা যায়।
পদ্ধতি অনুযায়ী, প্রথমে গরুর সামনের দুই পায়ের ঠিক পেছন দিয়ে বুক ঘিরে ফিতা দিয়ে মাপ নিতে হয়। এরপর কাঁধের সামনের অংশ থেকে লেজের গোড়া পর্যন্ত শরীরের দৈর্ঘ্য মাপা হয়।
ওজন বের করার সূত্র:
গরুর মোট ওজন (কেজি)= (বুকের বেড় × বুকের বেড় × শরীরের দৈর্ঘ্য) ÷ ৬৬০
ধরুন একটি গরুর বুকের বেড় ৬০ ইঞ্চি এবং শরীরের দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি।
হিসাব:
প্রথমে বুকের বেড় দুইবার গুণ করুন: ৬০×৬০= ৩,৬০০
এবার দৈর্ঘ্যের সাথে গুণ করুন: ৩,৬০০×৪৭= ১,৬৯,২০০
এবার ৬৬০ দিয়ে ভাগ দিন: ১৬৯২০০÷৬৬০ =২৫৬.৩৬৩
অর্থাৎ এই গরুর মোট ওজন ২৫৬ কেজি।
বিশেষজ্ঞরা জানান, গরুর মোট লাইভ ওয়েটের সাধারণত ৫৫ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত খাওয়ার উপযোগী মাংস পাওয়া যায়। সেই হিসাবে ২৫৬ কেজি ওজনের একটি গরু থেকে প্রায় ১৪১ কেজির মতো মাংস পাওয়া সম্ভব। এর বাইরে পা ও ভুঁড়িও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে বাজারে “ক্যাটল ওয়েট টেপ” নামের বিশেষ ধরনের ফিতাও পাওয়া যায়। এসব টেপে বুকের বেড় মাপলেই সরাসরি সম্ভাব্য ওজনের হিসাব দেখা যায়।
তবে ওজন মাপার সময় কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন খামারিরা। তাদের মতে, গরুকে শান্ত ও সোজা অবস্থায় দাঁড় করিয়ে মাপ নিতে হবে। ফিতা অতিরিক্ত টাইট বা ঢিলা করা যাবে না। এছাড়া খাওয়ানোর পরপর ওজন নিলে কিছুটা পার্থক্য দেখা দিতে পারে।
একজন খামারি বলেন, ডিজিটাল স্কেলে ওজন মাপা সহজ হলেও কিছু ক্ষেত্রে কৃত্রিমভাবে বেশি খাবার বা পানি খাওয়ানোর কারণে ওজনে তারতম্য দেখা দিতে পারে। তুলনামূলকভাবে ফিতা দিয়ে মাপার পদ্ধতিতে সামান্য কমবেশি হলেও প্রতারণার আশঙ্কা কম থাকে।
পশু বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি শতভাগ নির্ভুল না হলেও গরুর আনুমানিক ওজন ও সম্ভাব্য মাংসের পরিমাণ সম্পর্কে ক্রেতাদের একটি কার্যকর ধারণা দিতে পারে।

!doctype>