বড়ছড়া গাঙের সিলিকা বালু কোয়ারির ইজারা বাতিলের দাবিতে কুলাউড়া ইউএনও’র কাছে স্মারকলিপি

 

  
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অবস্থিত বড়ছড়া গাঙের সিলিকা বালু কোয়ারির ইজারা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় একদল বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি ইউএনও’র দপ্তরে জমা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ছড়া গাঙটি প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি জলধারা, যেখানে পানির সঙ্গে সিলিকা বালু প্রবাহিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত। উপজেলার মোট চারটি সিলিকা বালুর কোয়ারির মধ্যে বরমচালের বড়ছড়া গাঙ একটি।

স্মারকলিপিতে এলাকাবাসী দাবি করেন, কোয়ারি ইজারা ও সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে স্থানীয় কৃষিজমি, পরিবেশ ও জনজীবন ক্ষতির ঝুঁকিতে পড়তে পারে। তাই জনস্বার্থ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড়ছড়া গাঙের ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিলের আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাবে জানান, স্মারকলিপিটি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ এবং স্থানীয় প্রশাসনের কাছেও অনুলিপি পাঠানো জন্য বলেন। তিনি আরও জানান শীগ্রই তিনি সরেজমিনে পরিদর্শনে আসবেন এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তদারকি জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। 

এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এটি আমাদের এলাকার পরিবেশ ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই জনস্বার্থ বিবেচনায় প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করুক।"
পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli