বরমচালের ফুটবলার জুয়েল ঢাকার দ্বিতীয় বিভাগ লিগে দিলকুশা স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ
বরমচাল ইউনিয়নের তরুণ ফুটবলার মো. জুয়েল ঢাকার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল দিলকুশা স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। স্থানীয় পর্যায় থেকে উঠে আসা এই খেলোয়াড়ের এ অর্জন এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন আশাবাদ তৈরি করেছে।
জানা যায়, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী জুয়েল স্থানীয়ভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। কোচ তাজুল ইসলাম সাইকুলের তত্ত্বাবধানে বরমচাল ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করেন।
এরপর কুলাউড়া উপজেলায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে বরমচাল ইউনিয়নের হয়ে অংশ নিয়ে প্রথমবারেই নজর কাড়েন জুয়েল। তার পারফরম্যান্সের ভিত্তিতে তিনি কুলাউড়া উপজেলার প্রতিনিধিত্ব করে মৌলভীবাজার জেলা পর্যায়ে খেলেন। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের ধারাবাহিকতায় এক বছর পর জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলের ট্রেনিং ক্যাম্পেও সুযোগ পান।
সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর জাতীয় ট্রায়ালে অংশ নেন। সেখানেই তার পারফরম্যান্স নজরে আসে দিলকুশা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের। পরবর্তীতে ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, জুয়েলের এই সাফল্য বরমচালসহ আশপাশের এলাকার তরুণদের ফুটবলে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে আরও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

!doctype>