ব্রাহ্মণবাজার থেকে কুলাউড়া রাস্তা চারলেনে উন্নীত করার প্রক্রিয়া শুরুর অনুমোদন

 

রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ উন্নয়নে সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

স্মারক সূত্রে জানা যায়, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে সড়কটির ব্রাহ্মণবাজার ও কুলাউড়া শহরাংশ চারলেনে উন্নীতকরণসহ পুরো মহাসড়কটি যথাযথ মান ও প্রস্থে উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৮ মার্চ ২০২৬ তারিখে প্রেরিত ডিও পত্রের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপসচিব টিনা পাল স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে জারি করা হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিষয়টি অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যানজট কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli