ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ১৪৪৭ হিজরির ফিতরা হার ঘোষণা

 

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ মোতাবেক আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে।

কমিটির নির্ধারণ অনুযায়ী, গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম কিংবা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। যবের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুরের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিসের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা ২ হাজার ৬৪০ টাকা এবং পনিরের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত সংশ্লিষ্ট পণ্যের বাজার মূল্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নির্ধারিত পণ্য বা তার বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য থাকায় স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে উল্লেখ করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর, বিভিন্ন বিভাগের পরিচালক, আলেম-উলামা ও খতীবগণ উপস্থিত ছিলেন।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli