গ্রীন সিলেট প্রিমিয়ার লিগে আল আমিনের ঝলক, দুর্দান্ত বোলিংয়ে সুপার ফোরে ব্লু ফাইটার্স
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের তরুণ ক্রিকেটার মোহাম্মদ আল আমিন হোসাইন আবারও তার দক্ষতার প্রমাণ দিলেন। স্থানীয় ও আঞ্চলিক ক্রিকেটে নিয়মিত খেলে পরিচিতি পাওয়া এই বোলার বর্তমানে অংশ নিচ্ছেন গ্রীন সিলেট প্রিমিয়ার লিগে, যেখানে তার পারফরম্যান্স নজরকাড়ার মতো।
বরমচালের এই প্রতিভাবান ক্রিকেটার দীর্ঘদিন ধরে কুলাউড়া উপজেলা কোয়াব টিমে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রতি মৌসুমেই অংশ নেন সিলেট প্রথম বিভাগ লিগে, যেখানে তার ধারাবাহিকতা নজর কাড়ে কোচ ও সতীর্থদের।
সাম্প্রতিক ম্যাচে ব্লু ফাইটার্সের হয়ে খেলতে নেমে আল আমিন বোলিংয়ে দেখান অসাধারণ নিয়ন্ত্রণ ও গতি। মাত্র ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান খরচায় তিনি তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই স্পেল ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে এবং ব্লু ফাইটার্স সহজ জয় নিশ্চিত করে সুপার ফোর পর্বে উন্নীত হয়।
ক্রিকেটসংশ্লিষ্টরা মনে করছেন, আল আমিনের এই উজ্জ্বল পারফরম্যান্স তার ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আর্থিক সীমাবদ্ধতা তার নিয়মিত প্র্যাকটিসে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণের অভাবে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
আল আমিন বলেন, “সামান্য সহযোগিতা বা স্পন্সরশিপ পেলে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারব। আমি শুধু ভালো খেলে নিজের ইউনিয়ন ও এলাকায় সম্মান বয়ে আনতে চাই।” তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় ক্রীড়ামহল মনে করছে, যথাযথ সহায়তা পেলে এই প্রতিশ্রুতিশীল বোলার ভবিষ্যতে আরও বড় মঞ্চে বরমচালের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।

!doctype>