সাংবাদিকতায় নৈতিকতা ও প্রেস রিলিজ লেখায় বরমচালে কর্মশালা অনুষ্ঠিত
পাক্ষিক বরমচাল-এর উদ্যোগে সাংবাদিকতায় নৈতিকতা ও প্রেস রিলিজ লেখা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বরমচালের ফুলেরতল বাজারস্থ হাজী জব্বার মার্কেটে আয়োজিত এ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক্ষিক বরমচাল-এর প্রধান সম্পাদক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক, গবেষক ও সাহিত্যিক সৈয়দ মবনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়জুর রহমান।
প্রেস রিলিজ লেখা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে গিয়ে ফায়জুর রহমান জানান, সংবাদ লেখার ক্ষেত্রে স্থানীয় মানুষের অনুভূতি, বাস্তবতা ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি প্রেস রিলিজে ১৩টি অপরিহার্য উপাদান সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
মূল আলোচনায় সৈয়দ মবনু বলেন, "সঠিক জ্ঞান, অভিজ্ঞতা, অন্তঃদৃষ্টি, ন্যায় ও ইনসাফ একজন দক্ষ সাংবাদিকের অপরিহার্য গুণ।" তিনি আবেগনির্ভর সিদ্ধান্ত পরিহার করে পেশাগত হিকমত, স্থিরতা ও নিয়মিত বই পড়ার প্রতি উৎসাহিত করেন। পাশাপাশি তরুণ সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় পাক্ষিক বরমচাল-এর সদস্য রাহাত, মুরাদ, রুহেল, জহির আলী ও তারেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

!doctype>