শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে ১০ কিলোমিটার দৌড়, অনুপ্রেরণার নাম রিয়াদ
বরমচালে অনুষ্ঠিত ‘মিনি ম্যারাথন ২০২৫’-এ শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ১০ কিলোমিটার দৌড় সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এক কিশোর রানার। তার নাম রিয়াদ (১৭)।
প্রিয় বরমচাল ফেসবুক পেইজের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে স্থানীয় অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও রিয়াদের অংশগ্রহণ ও দৌড় শেষ করার ঘটনা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। জন্মগত শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও রিয়াদ প্রবল আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা নিয়ে পুরো পথ অতিক্রম করে নির্ধারিত ফিনিশিং লাইনে পৌঁছায়।
দৌড়ের পুরো সময়জুড়ে শারীরিক ক্লান্তি ও কষ্ট থাকলেও রিয়াদ দৌড় থেকে সরে দাঁড়ায়নি। তার এই দৃঢ়তা ও সাহস উপস্থিত দর্শক, স্বেচ্ছাসেবক এবং আয়োজকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
রিয়াদের এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আয়োজক প্রিয় বরমচাল ফেসবুক পেইজের পক্ষ থেকে তাকে ২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকদের মতে, এটি ছিল তার মানসিক শক্তি ও সংগ্রামের প্রতি সম্মান জানানো।
জানা গেছে, রিয়াদ বরমচাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিনগর গ্রামের বাসিন্দা। তিনি শফিক মিয়ার ছোট সন্তান এবং জন্ম থেকেই শারীরিকভাবে অসুস্থ।
মিনি ম্যারাথন ২০২৫ এ রিয়াদের অংশগ্রহণ ও দৌড় সম্পন্ন করার ঘটনা শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে। আয়োজক ও স্থানীয়দের মতে, এই ঘটনা তরুণ সমাজকে আত্মবিশ্বাস ও মানসিক শক্তির গুরুত্ব সম্পর্কে অনুপ্রাণিত করবে।

!doctype>