বরমচালে বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে ‘প্রিয় বরমচাল’-এর আয়োজনে একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন।
সকাল ৭টায় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। নির্ধারিত ১০ কিলোমিটার পথ বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে করিমপুর চা বাগান হয়ে একই স্থানে ফিরে এসে শেষ হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে দৌড় সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দেশের অন্যতম পরিচিত ম্যারাথন রানার আশরাফুল আলম কাশেম। বরমচালের ম্যারাথন রানার ও বিজিবি সদস্য মাহফুজ আহমদের দিকনির্দেশনায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
দৌড় প্রতিযোগিতা শেষে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



!doctype>