বরমচালের নীলাঞ্জন চক্রবর্তী এখন এমবিবিএস চিকিৎসক, প্রয়াত জেঠুর স্বপ্ন পূরণ
বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও গ্রামের বাসিন্দা নীলাঞ্জন চক্রবর্তী এমবিবিএস চিকিৎসক হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নীলাঞ্জন চক্রবর্তী বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক প্রয়াত নিলয় রঞ্জন চক্রবর্তীর ভাতিজা। তাঁর চিকিৎসক হওয়ার পেছনে প্রয়াত জেঠুর অনুপ্রেরণা ও দীর্ঘদিনের স্বপ্ন বিশেষভাবে ভূমিকা রেখেছে।
এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নীলাঞ্জন তাঁর চিকিৎসক হওয়ার দীর্ঘ যাত্রা এবং প্রয়াত জেঠুর অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, একসময় চিকিৎসক হওয়ার কথা তাঁর কল্পনাতেও ছিল না। তবে জেঠু নিলয় রঞ্জন চক্রবর্তী তাঁর সামর্থ্যের ওপর গভীর আস্থা রাখতেন এবং তাঁকে চিকিৎসক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন।
নীলাঞ্জনের ভাষ্য অনুযায়ী, শৈশব থেকেই জেঠু তাঁর পড়ালেখা ও বেড়ে ওঠার বিষয়ে বিশেষ যত্নশীল ছিলেন। স্কুলে ভর্তি করানো, শিক্ষকদের কাছে নিয়ে যাওয়া, পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং প্রতিদিনের নানা বিষয়ে খেয়াল রাখাসহ সবকিছুতেই তিনি পাশে ছিলেন।
প্রয়াত নিলয় রঞ্জন চক্রবর্তী বরমচাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁর শিক্ষার্থীদের মধ্যে অনেকে বর্তমানে চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও শিক্ষক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।
নীলাঞ্জন জানান, তাঁর জেঠু নিজেও ছিলেন অত্যন্ত মেধাবী ও পড়াশোনার প্রতি অনুরাগী। তবে মুক্তিযুদ্ধকালীন সময়ে পারিবারিক ও প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। পরবর্তী সময়ে তিনি পড়াশোনা সম্পন্ন করেন এবং তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৭ সালের জানুয়ারিতে স্ট্রোক করার পর দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন ছিলেন নিলয় রঞ্জন চক্রবর্তী। একই বছরের ২৯ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। জেঠুর মৃত্যুর পর তাঁকে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করেন নীলাঞ্জন। দীর্ঘ শিক্ষাজীবনের পথ পেরিয়ে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
নিজের এ অর্জন প্রয়াত জেঠুকে উৎসর্গ করেছেন নীলাঞ্জন। পাশাপাশি তাঁর চিকিৎসক হয়ে ওঠার পেছনে মা-বাবা, বোন, পরিবারের অন্যান্য সদস্য, শিক্ষক, জ্যেষ্ঠজন ও বন্ধুদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন। বিশেষ করে অসুস্থতার মধ্যেও ছেলের পড়াশোনার জন্য বাবার ত্যাগ এবং মায়ের দীর্ঘদিনের প্রার্থনা ও দুশ্চিন্তার কথা তুলে ধরেছেন তিনি।
নীলাঞ্জনের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরমচাল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা হিসেবে এলাকার জন্যও আনন্দের খবর। তাঁর এ সাফল্যে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও শুভেচ্ছা দেখা দিয়েছে।

!doctype>