বরমচাল টুডের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন
ফুলেরতল বাজারে নতুন কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে নিয়মিত ‘সংলাপ’ আয়োজন করবে সংবাদমাধ্যমটি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বরমচাল টুডের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইউনিয়নের ফুলেরতল বাজারে জান্নাত ফার্মেসির চতুর্থ তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশনা, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ পরিচালনায় নতুন পরিসর তৈরি হলো প্রতিষ্ঠানটির।
বরমচাল টুডে ২০২৪ সালের ১৮ এপ্রিল যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংবাদমাধ্যমটি বরমচাল ইউনিয়নসহ কুলাউড়া উপজেলার আশপাশের এলাকার নানা ঘটনা ও বিষয় তুলে ধরে আসছে। স্থানীয় সংবাদ, সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন, জনদুর্ভোগ, উন্নয়ন, ইতিহাস ও ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। স্থানীয় পর্যায়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বৃহত্তর পরিসরে তুলে ধরাই এর কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
সংবাদ পরিবেশনার পাশাপাশি স্থানীয় মানুষের মতামত, এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ভাবনা, ইতিহাস-ঐতিহ্য ও জনজীবনের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে ‘সংলাপ’ নামে একটি ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে বরমচাল টুডে। ‘শেকড়ের গল্প, বর্তমানের প্রশ্ন, আগামীর ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠান পরিচালিত হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, তরুণ প্রজন্ম ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আলোচনার মাধ্যমে এলাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা এবং সেগুলো নিয়ে গঠনমূলক মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরমচাল টুডের পরিচালক তোফায়েল আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদ মধু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব কুলাউড়ার আহ্বায়ক আতিকুর রহমান আখই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নুল ইসলাম জুনেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, ফুলেরতল বাজার বণিক সমিতির সভাপতি বাবলু খান, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জহুর ডেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক হেলাল খান, বরমচাল ইউনিয়ন আল ইসলাহর সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, বরমচাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম টেপন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম রাজিব, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তাজুল ইসলাম সাইকুল, ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন, সমাজসেবক পুতুল হোসেন, জান্নাত ফার্মেসির স্বত্বাধিকারী রঞ্জু খান, সাদিক ট্রাভেলসের পরিচালক শাকের আহমদ, বরমচাল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আকবর, গ্রিন আইটি ওয়াইফাইয়ের পরিচালক ওয়াশিম আহমদ এবং প্রিয় বরমচালের প্রতিনিধি মুরাদ উদ্দিন। এ সময় বরমচাল টুডের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে বরমচাল টুডের সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়। একটি নির্দিষ্ট কার্যালয় প্রতিষ্ঠার ফলে স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা, সাংবাদিকদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সম্ভাবনাময় বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করার ক্ষেত্রও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বরমচালসহ আশপাশের এলাকার মানুষের কথা, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও সামাজিক বাস্তবতা সংবাদমাধ্যমের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে নিজস্ব কার্যালয়টি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এলাকার ইতিবাচক উদ্যোগগুলো প্রচারে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, বরমচাল টুডে প্রতিষ্ঠার শুরু থেকেই নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে অনলাইন সংবাদ পরিবেশনা চালিয়ে আসছে। নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এখন সংবাদ পরিবেশনার পাশাপাশি আলোচনা, মতবিনিময় ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কাদের ছাহেবজাদায়ে বর্ণীর পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বরমচাল টুডের সার্বিক উন্নতি, অগ্রযাত্রা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




!doctype>