বরমচাল চা বাগানে অগ্নিকাণ্ডে চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই
বরমচাল চা বাগানে অগ্নিকাণ্ডে আগ্নি বাড়াইক নামে এক চা শ্রমিকের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বরমচাল চা বাগানের টি আইডিয়াল স্কুলের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আগ্নি বাড়াইকসহ পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে চা বাগানে চলে যান। এ সময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার আগেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। এতে টিন ও অন্যান্য সামগ্রীসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
জানা গেছে, দুই কক্ষবিশিষ্ট ওই বসতঘরে আগ্নি বাড়াইকসহ পরিবারের মোট ছয়জন সদস্য বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

!doctype>