জাতীয় সংসদে কুলাউড়ার সাবেক সাংসদ আব্দুল মতিনের মৃত্যুতে শোক প্রকাশ

 


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন-এর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে দশম জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন-এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। জাতীয় সংসদের কার্যবিবরণীতে তাঁর রাজনৈতিক ও জনসেবামূলক অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আব্দুল মতিন জাতীয় সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করাকে কুলাউড়াবাসীর প্রতি সম্মান প্রদর্শন হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

এছাড়া অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক ও মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ, বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহাসহ বিভিন্ন পর্যায়ের প্রয়াত ব্যক্তিদের স্মরণ করা হয়।

সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।



এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতেও জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে।

জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিনের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় কুলাউড়াবাসীর মধ্যে তাঁর রাজনৈতিক অবদান ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড নতুন করে আলোচনায় এসেছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli