নতুন কুড়ি ক্লাবের উদ্দোগে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে পূর্ব সিংগুরে রাস্তা সংস্কার
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামে স্থানীয়দের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। সরকারি কোনো বরাদ্দ ছাড়াই গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা মেরামতের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ব্যবহার করে পূর্ব সিংগুর গ্রামের অন্তত ২০০টি পরিবারের সদস্য প্রতিদিন চলাচল করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কাদার কারণে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে এলাকাবাসীকে নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগে সরকারি উদ্যোগে রাস্তাটিতে ইটসোলিং করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্থানীয় সামাজিক সংগঠন নতুন কুড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।
জানা গেছে, গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন এবং সাংবাদিক আল ফেরদাউসসহ কয়েকজন সমাজসেবী ও স্থানীয় বাসিন্দার আর্থিক সহযোগিতায় এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে রাস্তার বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সংস্কার হলে গ্রামবাসীর যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এদিকে, স্থানীয়দের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগকে এলাকার উন্নয়নে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, জনস্বার্থে সম্মিলিত উদ্যোগ স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

!doctype>