বানরের উপদ্রবে অতিষ্ঠ বরমচালের কয়েকটি এলাকা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরমচাল ইউনিয়নের কয়েকটি এলাকায় বানরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে ইউনিয়নের উত্তরভাগ ও ইটাখলা গ্রামের বাসিন্দারা গত ১০-১২ দিন ধরে প্রতিদিন ভোর থেকে দিনের বিভিন্ন সময়ে বানরের দলের হানার অভিযোগ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, পশ্চিম পাশের পাহাড়ি এলাকা থেকে ৭০ থেকে ১০০টির মতো বানরের দল গ্রামে নেমে এসে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও সবজি নষ্ট করছে। পাশাপাশি বাড়ির উঠান ও ছাদে শুকাতে দেওয়া কাপড়চোপড় এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। অনেক সময় এসব জিনিসপত্র দূরে ফেলে রাখায় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।

এলাকাবাসী জানান, একসঙ্গে বড় আকারের বানরের দল বসতিপূর্ণ এলাকায় প্রবেশ করায় শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বরমচাল টুডের অনুসন্ধানে জানা যায়, বরমচালের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় অতিরিক্ত বনায়ন ধ্বংস, গাছ কাটা ও পাহাড় কাটার কারণে বনজ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে খাদ্য সংকটে পড়ে বন্য প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বানরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হোক।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli