ঝড়-বৃষ্টির আভাসে মৌলভীবাজারে জনজীবন, কৃষি ও অবকাঠামোতে ঝুঁকির আশঙ্কা
বরমচাল সহ মৌলভীবাজারে আজ ২৬ এপ্রিল হতে আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল, যার মধ্যে মৌলভীবাজার জেলা অন্যতম, সেখানে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগ-এর অধিকাংশ এলাকায় বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের আরও কয়েকটি বিভাগেও অনুরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে, যা স্বাভাবিক জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে এবং গ্রামীণ সড়ক যোগাযোগেও সাময়িক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।
এছাড়া কালবৈশাখী ঝড়ের সময় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং দুর্বল অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে কৃষি সংশ্লিষ্টদের মতে, মৌসুমি ফসল সহ বোরক ধানের ক্ষতির আশঙ্কাও রয়েছে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে আরও বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলনায় উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে মৌলভীবাজার জেলা-সহ আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

!doctype>