বরমচালে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, বিপাকে কৃষক
বরমচাল এলাকায় টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার বোরো ধানের ক্ষেত তলিয়ে যাচ্ছে, এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বরমচালের হাওরের নিচু এলাকা প্রথমে প্লাবিত হয়। পরবর্তীতে সেই পানি ধীরে ধীরে উঁচু এলাকার দিকেও বিস্তৃত হচ্ছে। এতে পাকা ও আধাপাকা বোরো ধান পানির নিচে চলে যাচ্ছে।
এ অবস্থায় কৃষকরা ধান রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। অনেকেই কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও কোথাও ডুবে থাকা ধান কেটে নৌকা বা ভেলার মাধ্যমে ঘরে তুলতে হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ধান শুকানোর সুযোগ না থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কয়েকজন কৃষক জানান, পানির নিচে নেমে কষ্ট করে ধান কাটলেও তা সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত রোদ না থাকায় ভেজা ধান শুকানো যাচ্ছে না, ফলে পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে তাদের সারাবছরের পরিশ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও বিস্তীর্ণ এলাকার ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এদিকে আবহাওয়া অনুকূলে না এলে এবং পানি কমতে দেরি হলে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

!doctype>