সিলেটে ‘ডেভিল হান্ট–২’ অভিযানে আওয়ামী লীগ নেতা বরমচালের কামাল হাসান গ্রেফতার
ফাইল ফটো:- কামাল হাসান
সিলেটে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসানকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, অভিযানের অংশ হিসেবে বুধবার আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কামাল হাসানকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে এসএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কামাল হাসান কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে সিলেটের ছাত্র গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ঢাকায় অবস্থান করে কয়েকটি জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন।
এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, কামাল হাসান বিগত কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

!doctype>