কালা মিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক রাজীব
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালা মিয়া বাজার বণিক সমিতি নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মাসুম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোমবাতি প্রতীকে রাজীব উদ্দিন এবং অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) কালা মিয়া বাজারের উত্তর প্রান্তে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে সহকারী নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চেয়ার প্রতীকের মাসুম আহমদ চৌধুরী ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের সুনু মিয়া পেয়েছেন ১৬ ভোট।
সহ-সভাপতি পদে ছাতা প্রতীকের রেজাউল করিম চৌধুরী ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের জুনাব আলী পেয়েছেন ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোমবাতি প্রতীকের রাজীব উদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের মাহবুব আলম চৌধুরী সুমন পেয়েছেন ৪২ ভোট। এ পদে একটি ভোট বাতিল হয়েছে।
সহ-সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকের তৌফিক চৌধুরী ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ঘোড়া প্রতীকের বিনয় চন্দ্র দাস পেয়েছেন ৩৩ ভোট এবং হাঁস প্রতীকের তাজুল ইসলাম ডালিম পেয়েছেন ১৫ ভোট। এ পদে দুটি ভোট বাতিল হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতীকের নাজিম উদ্দিন লিমন ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীকের শিপন আহমদ পেয়েছেন ৫১ ভোট।
অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম লিটন, দপ্তর সম্পাদক পদে মাহফুজুল ইসলাম রাকিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাজুল ইসলাম আজাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলা উদ্দিন, লাকি মিয়া, হোসেন মিয়া ও জায়েদ আহমদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা ছিলেন সিরাজুল ইসলাম, ছয়ফুজ্জামান চৌধুরী ছফু, জলিল আহমদ সাবুল ও মনসুর আহমদ।
উল্লেখ্য, কালা মিয়া বাজারের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বণিক সমিতির এ নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বাজারের ব্যবসায়িক পরিবেশ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

!doctype>