বরমচাল থেকে চুরি যাওয়া গাভী নবীগঞ্জে উদ্ধার, আটক ২, জড়িত স্থানীয় দুইজন
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বরমচাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিকরা গ্রামের মিন্টু দেবের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির চেষ্টা করে একদল চোর। বিষয়টি টের পেয়ে যাওয়ায় চোরেরা দ্রুত গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় চারটি গরু গাড়িতে তুলতে না পারায় সেগুলো রেখে গেলেও দুটি গর্ভবতী গাভী নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই গরুর মালিক মিন্টু দেব জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ চোরদের ধাওয়া করে। পরে চোরেরা রাজনগরের দিকে পালিয়ে গেলে রাজনগর থানা পুলিশও তাদের পথরোধের চেষ্টা করে। সেখান থেকেও পালিয়ে যাওয়ার পর মৌলভীবাজার এলাকায় তৃতীয় দফায় পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। তবে সেখান থেকেও তারা পালিয়ে শায়েস্তাগঞ্জের দিকে চলে যায় বলে জানা যায়।
এরপর চুরি যাওয়া গাভী উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গাভী উদ্ধার করা হয়। একই অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরমচাল ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ এলাকার মৃত মো. রহমানের ছেলে মো. তাজুল এবং স্থানীয় নয় তবে বর্তমানে বরমচালের উত্তরভাগ এলাকায় সরকারি ঘরে বসবাসরত মো. মেহেদি হাসান এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উঠে এসেছে।
বর্তমানে উদ্ধার করা দুটি গাভী থানায় রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ শনিবার গাভী দুটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

!doctype>